মাদক দ্রব

নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩

⎙ প্রিন্ট
নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩
⌖ নওগাঁ সদর

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদক ব্যবসা প্রতিরোধ ও দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআরটি (কুইক রেসপন্স টিম) অংশ নেয়।

অভিযান চলাকালে সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাড়ির সামনে থেকে আপেল প্রামাণিক (৬৫) ও মারুফ সরদার (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার আপেল প্রামাণিক নওগাঁ শহরের সুলতানপুর মিস্ত্রিপাড়া এলাকার দেওনত প্রামাণিকের ছেলে এবং মারুফ সরদার শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার বাবু সরদারের ছেলে।

একই অভিযানে অপর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে নাকের ড্রপের ছোট কৌটার ভেতর থেকে আরও ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাবুল দপ্তরি (৬২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ শহরের আরজি নওগাঁ এলাকার মৃত আব্দুল জব্বার দপ্তরির ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ছয় মাসে নুনিয়াপট্টি এলাকায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ বিভিন্ন মাদক ট্যাবলেট, শতাধিক কেজি গাঁজা, এক হাজারের বেশি লিটার চোলাই মদ, দুই লক্ষাধিক টাকা এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিসহ মাদকপ্রবণ এলাকাগুলোতে মাদক ব্যবসা প্রতিরোধ ও দমনে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

সম্পর্কিত সংবাদ