নওগাঁয় অপরাধ ও মাদক দমনে জেলা পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পত্নীতলা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সাতজন এবং নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া মান্দা থানা পুলিশের পৃথক অভিযানে ৬০ লিটার ওয়াশ/চোলাই মদ ও মাদক বিক্রির ২ হাজার টাকাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অপরাধ প্রতিরোধে পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের ২৬ অক্টোবর বিজ্ঞ আদালত ও নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে একই দিন সকাল ৯টা থেকে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর নেতৃত্বে অভিযানে নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআরটি অংশ নেয়।
অভিযানকালে সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাসার সামনে থেকে আপেল প্রামাণিক (৬৫) ও মারুফ সরদার (২৬) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে অপর একটি ঘরে তল্লাশি চালিয়ে বেডরুমের ড্রেসিং টেবিলের ড্রয়ারে নাকের ড্রপের ছোট কৌটার ভেতরে বিশেষভাবে রাখা আরও ৮৮ পিস ইয়াবা এবং পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। এ সময় বাবুল দপ্তরি (৬২) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, এ অভিযানে মোট ১৯০ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ছয় মাসে নুনিয়াপট্টিতে জেলা পুলিশের বিভিন্ন অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ৩ হাজার পিস ইয়াবা, শতাধিক কেজি গাঁজা, এক হাজারের বেশি লিটার চোলাই মদ, দুই লক্ষাধিক টাকা এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নওগাঁ শহরের নুনিয়াপট্টিসহ মাদকপ্রবণ এলাকাগুলোতে মাদক প্রতিরোধ ও দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে মান্দা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পলি রানী (২৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার শ্রীরামপুর ঋষিপাড়া এলাকার জিতেন ঋষির স্ত্রী। পুলিশ জানায়, তার বসতবাড়িতে অভিযান চালিয়ে দেয়ালের পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ লিটার ওয়াশ/চোলাই মদ এবং মাদক বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।








