সারাদেশ

সোনারগাঁও পৌরসভার অস্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

⎙ প্রিন্ট
সোনারগাঁও পৌরসভার অস্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন
অস্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
# মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ⌖ সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাইজদিয়া গ্রামে ঈদগাহ ও কবরস্থানের পাশে প্রস্তাবিত অস্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রস্তাবিত স্থানসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষ অংশ নিয়ে ডাম্পিং স্টেশনের স্থান পরিবর্তনের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত রাইজদিয়া গ্রামে প্রায় ৪৫ শতাংশ জমিতে অস্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের নির্দেশনা দিয়েছেন।

এলাকাবাসীর আশঙ্কা, জনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও পরিবেশদূষণ বাড়বে। এতে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঈদগাহ ও কবরস্থানের পরিবেশও নষ্ট হতে পারে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি, তবে জনস্বাস্থ্য, পরিবেশ ও ধর্মীয় স্থাপনার মর্যাদা বিবেচনায় নিয়েই স্থান নির্ধারণ করতে হবে। তাঁরা প্রস্তাবিত স্থানটি পুনর্বিবেচনা করে অন্যত্র উপযুক্ত জায়গা নির্ধারণের দাবি জানান। এ বিষয়ে পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদন করার কথাও জানান তাঁরা।

সম্পর্কিত সংবাদ