লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে সাড়ে ১৪ কেজি গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এ সময় শ্যামল কুমার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে আদিতমারী উপজেলার পূর্ব দিঘলটারী এলাকায় আকস্মিক তল্লাশিচৌকি বসায় মোগলহাট বিওপির টহলদল। সেখানে সন্দেহভাজন শ্যামল কুমারকে থামিয়ে তল্লাশি করলে তাঁর শরীরে বাঁধা অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের মৃত নিরঞ্জনের ছেলে।
অপর অভিযানে গোড়কমন্ডল বিওপির টহলদল রাত ২টা ১০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল কৃষ্ণ আনন্দ বকশি এলাকা থেকে আরও ১৩ কেজি গাঁজা জব্দ করে। দুই অভিযানে জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৫০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক শ্যামল কুমারের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করে তাঁকে উদ্ধার করা মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাচালানে জড়িত অন্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।








