আখক্ষেতে বিজিবির অভিযান! ফেলে পালাল চোরাকারবারি, মিলল ১৬০ বোতল সিরাপ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনক্রিক্স কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৮-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন তাজপুর গ্রামের একটি আখক্ষেতে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনক্রিক্স কফ সিরাপ উদ্ধার করে বিজিবি।
উদ্ধার করা মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।








