মাদক দ্রব

ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ১; ফেন্সিডিল-ফেয়ারডিল উদ্ধার

⎙ প্রিন্ট
ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ১; ফেন্সিডিল-ফেয়ারডিল উদ্ধার
⌖ ধামইরহাট
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপর অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৫/এমপি থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার চন্ডিপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ মো. জালাল হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক জালাল হোসেন উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মোজাম উদ্দীনের ছেলে।
আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর উদ্ধার করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে রোববার (১৮ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে আরেকটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৯/৫-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার আলতাদিঘী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পর্কিত সংবাদ