মাদক দ্রব

দুর্গাপূজাকে সামনে রেখে পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, চোলাই মদসহ গ্রেফতার ৩

⎙ প্রিন্ট
দুর্গাপূজাকে সামনে রেখে পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, চোলাই মদসহ গ্রেফতার ৩
⌖ পত্নিতলা

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশীয় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে নওগাঁর পত্নীতলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) শরিফুল ইসলাম ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে চোলাই মদ তৈরির একটি আস্তানায় অভিযান চালায়।

অভিযানে ওই আস্তানা থেকে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং ৯০ লিটার তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে উজিরপুর গ্রামের মৃত শিবু চৌধুরীর ছেলে বিজয় চৌধুরী (৫০), সামা চৌধুরীর ছেলে রবি চৌধুরী (৪০) এবং ফহিমপুর গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে মো. সোহেল রানাকে (৩০) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানকালে চোলাই মদ তৈরির আস্তানা ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ