নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শামীম হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পত্নীতলা উপজেলার হলারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল।
আটক শামীম হোসেন পত্নীতলা উপজেলার ফাজিলপুর গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হলারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের পর জব্দ করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।








