মাদক দ্রব

মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

⎙ প্রিন্ট
মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি দল মান্দা উপজেলার প্রসাদপুর, জোতবাজার, দক্ষিণ নুরুল্যাবাদ, দেলুয়াবাড়ীসহ বিভিন্ন এলাকায় মোট ছয়টি অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাবিল নওরোজ বৈশাখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ও মোট ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাদের মধ্যে চককান মধ্যপাড়া গ্রামের মো. তছলিম (২৪) এবং দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৫৮) গ্রেফতার হয়েছেন। অপর আসামি প্রসাদ বড়পই গ্রামের মো. জাহিদুল হক ইমন (২৪) পলাতক রয়েছেন।

অভিযানে প্রসিকিউশন ও এজাহার দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. তাইজুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ