মাদক দ্রব

সাপাহারে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

⎙ প্রিন্ট
সাপাহারে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক
⌖ সাপাহার
নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০ টাকা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের অধীন সোনাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৪৯/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা আটবিল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইউসুফ আলী (৩৫) ও মো. মনিরুল (২৭) নামে দুজনকে আটক করা হয়।
আটক ইউসুফ আলী সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মৃত মুজাফ্ফর আলীর ছেলে এবং মনিরুল একই গ্রামের মো. সাবেদ আলীর ছেলে। অভিযানে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও বাংলাদেশি নগদ ৭১০ টাকা জব্দ করা হয়।
পরে আটক দুজনের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের করে জব্দ করা মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পর্কিত সংবাদ