মাদক দ্রব

নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের ঝটিকা অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৭

⎙ প্রিন্ট
নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের ঝটিকা অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৭
⌖ নওগাঁ সদর

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৩৪ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৯টা থেকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে এ ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রথমে ভবানীপুর এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে মো. মেহরাব আলম ওরফে শরীফ (৩৫) এবং সরইল এলাকার মৃত আকবর আলীর ছেলে হামিম আলীকে (২৪) গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি লাল বালতির ভেতর সাদা কাগজে মোড়ানো ১৪৫টি ছোট পুরিয়ায় রাখা মোট ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাদক বিক্রির ৩৪ হাজার ৬০০ টাকা জব্দ করে পুলিশ।

অভিযান চলাকালে মাদক সেবন ও জনসাধারণের বিরক্তির কারণ সৃষ্টির অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানপাড়ার মো. শাকিল হোসেন (২৬), মঙ্গলপুর সরদারের মোড় এলাকার মো. শামীম ওরফে মজি (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার দেওধর (নশরতপুর) এলাকার মো. মতিউর রহমান (৩৫), নওগাঁর মান্দা উপজেলার কশব নামাপাড়ার মো. রিপন হোসেন (২৮) এবং রাণীনগর উপজেলার জালালাবাদ এলাকার মো. আলম শাহ ওরফে আসিফ (২৪)। আলম শাহ বর্তমানে নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ বনানীপাড়া এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ যেকোনো মূল্যে নুনিয়াপট্টি এলাকায় মাদক বিক্রি বন্ধ করবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ