শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ সদরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁর ‘ক’ সার্কেলের একটি দল নওগাঁ সদর উপজেলার হাড়িয়াগাছী, হাপানিয়া, আনন্দনগর ও জনকল্যাণপাড়াসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি পৃথক অভিযানে মোট ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার দক্ষিণ পার-নওগাঁ এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৪০), আনন্দনগর এলাকার মিঠু হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (২৩) এবং খাস-নওগাঁ জনকল্যাণপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আলামিন (২৪)।
পরে নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরে আলম সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের তিনটি মামলা করা হয়। মামলাগুলোতে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁর উপপরিদর্শক মো. তাইজুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।








