মাদক দ্রব

নওগাঁয় পৃথক অভিযানে ৯০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৩

⎙ প্রিন্ট
নওগাঁয় পৃথক অভিযানে ৯০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৩
নওগাঁ সদর ও পোরশা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া এবং পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে নওগাঁ সদর থানাধীন ২ নম্বর কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের উজ্জ্বলের পুকুরপাড়ের পাশে পাইকপাড়া মোড় থেকে মাগুরাগামী পাকা সড়কে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নুরু প্রামানিক (৩৮) ও মো. কালাম হোসেন (৫২) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরু প্রামানিক নওগাঁর পার নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে এবং কালাম হোসেন একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে একই দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার থেকে বানমোহন বাজারগামী পাকা সড়কে অভিযান চালায়। বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় দিলীপ মালির চায়ের দোকানের সামনে থেকে মো. মোস্তাক আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের পর তার দেহ তল্লাশি করে পরিহিত পাঞ্জাবির ডান পকেট থেকে তিন পাতায় থাকা মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
গ্রেফতার মোস্তাক আহম্মেদ পোরশা উপজেলার পোরশা হাটখোলা এলাকার মো. ইসমাইলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পৃথক দুই অভিযানে মোট ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ