নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীন চকিলাম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চকিলাম বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার








