অপরাধ ও দুর্ণীতি

মহাদেবপুরে তিন প্রতিষ্ঠানে অভিযান, দুজনের কারাদণ্ডসহ ৮০ হাজার টাকা জরিমানা

⎙ প্রিন্ট
মহাদেবপুরে তিন প্রতিষ্ঠানে অভিযান, দুজনের কারাদণ্ডসহ ৮০ হাজার টাকা জরিমানা
⌖ নওগাঁ সদর

নওগাঁর মহাদেবপুরে লাইসেন্স ছাড়াই রোগী দেখা, ওষুধ বিক্রি ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৫ অক্টোবর মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের গোয়েন্দা দল গত কয়েকদিন ধরে মহাদেবপুরের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত বিষয় অনুসন্ধান করে। অনুসন্ধানে কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে বলে তথ্য পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ফাতেমা হোমিও হল নামের একটি প্রতিষ্ঠানে রোগী দেখা ও ওষুধ বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিক ও চিকিৎসক পরিচয়দানকারী মো. ফারুক হোসেনকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মহাদেবপুর উপজেলার কুঞ্জবন এলাকার মকবুল ইসলামের ছেলে।

অপর অভিযানে মহাদেবপুরের লেচুবাগান এলাকায় ফাইভ স্টার মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে একই আইনের ২৮(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. বেদারুল ইসলামকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি মান্দা উপজেলার কুশল এলাকার মৃত জেহের আলীর ছেলে।

একই এলাকায় স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় মালিক মো. মাসুম আলীকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মহাদেবপুর এলাকার মো. সৈয়দ আলীর ছেলে।

অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানসংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অনুমোদনহীন চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ