নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতা ও থানা পুলিশের তৎপরতায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার কাশিমপুর (বরাইচপাড়া) এলাকার জামাল সরদারের ছেলে ফেরদৌস সরদার (৩০) প্রতিদিনের মতো তার ব্যবহৃত মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন। পরে ২৪ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে মোটরসাইকেলটি যথাস্থানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে ফেরদৌস তার নিকটাত্মীয় ও রাণীনগর থানা পুলিশের সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পর্যায়ক্রমে তিনজনকে শনাক্ত করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে রাণীনগর থানাধীন করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া একটি মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়।
পুলিশ জানায়, উপস্থিত লোকজনের সামনে উদ্ধার হওয়া মোটরসাইকেল ও মাইকের বিভিন্ন অংশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।
জনতার সহায়তায় রাণীনগরে ৩ মোটরসাইকেল চোর গ্রেপ্তার, চোরাই বাইক উদ্ধার








