শেরপুরে খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নিহত নারীর পরিচয় সনাক্ত করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। নিহত নারীর নাম মোছা. ঝিনুক আক্তার। তিনি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ৪ নম্বর ব্লকের ১৪১ নম্বর বাসার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম মো. শাকিল এবং মায়ের নাম বেবী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচে খালের পানিতে একটি ভেসে থাকা ড্রাম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ড্রামটি দেখে সন্দেহ হলে তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় গ্রাম পুলিশকে বিষয়টি জানান। পরে গ্রাম পুলিশের সদস্য উপস্থিত হয়ে ড্রামের ভেতরের ঢাকনা খুলে এক নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ঘটনার পর পরই নিহতের পরিচয় সনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের ধারাবাহিকতায় পিবিআই শেরপুর শাখা নিহত ঝিনুক আক্তারের সঠিক পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়।
ঘটনা প্রসঙ্গে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তসহ আইনি কার্যক্রম চলমান রয়েছে।
তবে ঝিনুক আক্তারের মৃত্যুর পেছনে কী ঘটেছিল,তিনি হত্যার শিকার হয়েছেন কি না, কিংবা তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








