সারাদেশ

লালমনিরহাটে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে প্রচার উপকরণ বিতরণ

প্রিন্ট
লালমনিরহাটে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে প্রচার উপকরণ বিতরণ
শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাটে সচেতনতামূলক প্রচার উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় সদর উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, সমাজ থেকে অজ্ঞতা দূর করতে শিক্ষার প্রসার প্রয়োজন। তরুণদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ অর্জন করতে হবে। সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে তারাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছানো গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মানসম্মত শিক্ষা ও সামাজিক সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
স্বাগত বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে লালমনিরহাটকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, বিতরণ করা প্রচার উপকরণ শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং সচেতন নাগরিক হিসেবে বেড়ে উঠতে সহায়তা করবে।
সভা শেষে সদর উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে প্রচার উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ