নওগাঁর মান্দায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডা. ইকরামুল বারী টিপু। বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজের বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে। ব্যক্তি ও পরিবারের সচেতনতার সঙ্গে সামাজিক উদ্যোগ যুক্ত হলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।
আলোচনা সভায় মশার প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
মান্দায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি, পরিচ্ছন্ন পরিবেশ গড়ার আহ্বান এমপি টিপুর








