মাদক দ্রব

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

প্রিন্ট
মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
⌖ মহাদেবপুর

নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১০ সেপ্টেম্বর রাতে মহাদেবপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মহাদেবপুর থানার হোসেনপুর গ্রামের ইমন হোসেনের বাড়ির উত্তর পাশে সড়কের ওপর কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত ৯টা ১৫ মিনিটের দিকে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি এবং সেখানে অবস্থানরত আরও দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মহাদেবপুর উপজেলার রাইগা গ্রামের খাজামুদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৮), কৃষ্ণপুর হঠাৎপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি হাসান (২০), দক্ষিণ হোসেনপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে জুয়েল (৩৬) ও রুবেল হোসেন (৩০)।

পুলিশের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের সামনে সোহাগ হোসেনের মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৪০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ছিল।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে সোহাগ হোসেন স্বীকার করেন যে, অপর তিনজনের সহযোগিতায় বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ