মাদক দ্রব

নওগাঁর মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

⎙ প্রিন্ট
নওগাঁর মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
⌖ মহাদেবপুর

নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি দল মহাদেবপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল জানতে পারে, মহাদেবপুর উপজেলার ভবানীনগর গ্রামে মাতাজী থেকে ফতেহপুরগামী পাকা সড়কের ওপর দুই ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনক গতিবিধির কারণে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুজনকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় আবুল কালাম আজাদের হাতে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ (৪২) মহাদেবপুর উপজেলার কালনা কাটাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের গজির উদ্দিনের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ধামইরহাট উপজেলার কৈগ্রামের মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেনের (৪৩) মাধ্যমে গাঁজা সংগ্রহ করে একই উপজেলার কুলফতপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে কামাল হোসেনের (৫৫) সহায়তায় তা বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলেন।

পরে আবুল কালাম আজাদ ও কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ মাতাজী হাট এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ