নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নিমদিঘী গ্রামের ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসাহাক আলী নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধার করা গাঁজা ও ফেনসিডিল নিজ হেফাজতে রেখে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।








