মাদক দ্রব

১১৭০ পিস ইয়াবাসহ ৯ জন গ্রেপ্তার, নুনিয়াপট্টি-সুইপার কলোনিতে অভিযান

⎙ প্রিন্ট
১১৭০ পিস ইয়াবাসহ ৯ জন গ্রেপ্তার, নুনিয়াপট্টি-সুইপার কলোনিতে অভিযান
⌖ নওগাঁ সদর

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজনকে মাদক ব্যবসায়ী ও কারবারি এবং ছয়জনকে মাদক সেবন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মুনি (৪৫) নামে এক নারীকে মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটের নীল রঙের ছোট পলিপ্যাকে রাখা ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০ পিসসহ মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার মুনি নওগাঁ শহরের সুইপার কলোনির মৃত জীবন ও গীতা রানীর মেয়ে। এ সময় তার সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। মানিক নওগাঁ শহরের বাগবাড়ি পূর্বপাড়ার মৃত সুবেদ আলীর ছেলে এবং শাওন খাস নওগাঁ এলাকার সামছুল হকের ছেলে।

অভিযান চলাকালে সুইপার কলোনি এলাকা থেকে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২)। তাদের মধ্যে সিয়াম আনন্দনগর, রাকিব পাটালির মোড় শাহি মসজিদ এলাকা, আবির হোসেন হাট নওগাঁ, মাসুদ রানা কুমাইগাড়ি, মনোয়ার হোসেন আত্রাই উপজেলার বড় সাওতা এবং রাজু মিয়া মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তারা বর্তমানে নওগাঁর বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজন হলে প্রতিদিনই অভিযান চালানো হবে। মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ