নওগাঁ জেলা-র ধামইরহাট উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মেডিক্যাল সহকারী মো. সালাউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩ এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন বীরগ্রাম বড়মোল্লা পাড়া ব্রিজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে।
এ সময় ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু রাইহান (৩৭) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। আটক আবু রাইহান ধামইরহাট উপজেলার বীরগ্রাম গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. জামাল উদ্দিন।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানা-য় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মাদকসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন