আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দেশের ২১ জেলায় ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে মঙ্গলবার ৩ মার্চ ২০২৬ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোখফার সুলতানা খানম, পিপিএম-সেবা, ডিআইজি (অপারেশনস্-দক্ষিণ), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন সরকার মোহাম্মদ কায়সার, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্-দক্ষিণ)। সভায় সভাপতিত্ব করেন মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন, বিপিএম (পিএ), পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন।
সভায় হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, যানজট নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট জোরদার, টহল বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ পয়েন্টে বিশেষ নজরদারি এবং প্রয়োজনীয় আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি রোখফার সুলতানা খানম বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করাই তাদের লক্ষ্য এবং ফিটনেসবিহীন যানবাহন বা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিশেষ অতিথি সরকার মোহাম্মদ কায়সার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক ও যাত্রী সবার সচেতনতা জরুরি। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সমন্বিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত ফল আসবে না।
সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অঙ্গীকার করেন। তারা জানান, ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনামুক্ত ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করাই এবারের ঈদযাত্রার প্রধান লক্ষ্য এবং এ জন্য সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন