পটুয়াখালীতে আপস অযোগ্য মামলায় আপসের আবেদন, বাদীর ২ দিনের কারাদন্ড।
পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপস অযোগ্য ধারায় দায়ের করা একটি মামলায় আপস-মীমাংসার আবেদন করায় মামলার বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন শুনানি শেষে এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২)। তিনি গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪)। তিনিও একই এলাকার বাসিন্দা।মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী নিজের এক ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন মোহাম্মদ আলী হাওলাদার। পরবর্তী সময়ে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এর ধারাবাহিকতায় বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন।তবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলাটি আপস অযোগ্য হওয়ায় আদালত আপসের আবেদন গ্রহণ করেননি। শুনানি শেষে আপসের আবেদন করার কারণে মামলার বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “ভিকটিমকে উপস্থিত না করে আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে আপস অযোগ্য ধারায় আপস করার কারণে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।”তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে চাপ প্রয়োগ করে আপসে বাধ্য করেন। অথচ আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপসের কোনো সুযোগ নেই।পিপি আরও বলেন, আদালতের এ আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় একটি স্পষ্ট বার্তা যাবে যে, আইনে যেসব মামলায় আপসের সুযোগ নেই, সেসব মামলায় আপস-মীমাংসার মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণযোগ্য নয়।




























































