নওগাঁর পত্নীতলায় পুলিশের পৃথক দুটি অভিযানে একটি দরিদ্র পরিবারের চুরি হওয়া ছাগল উদ্ধার এবং ১২ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় তিন ছাগল চোরসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, একটি দরিদ্র পরিবারের ছাগল চুরির ঘটনার পর নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা থানার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেন (৩৫) নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনই চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
অন্যদিকে, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে একই রাতে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার আমলাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে শ্রী অরুণ চন্দ্র বর্মন (৪২) নামে একজনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার শয়নকক্ষের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৫০টি প্লাস্টিকের বোতল থেকে মোট ১২ দশমিক ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে পুলিশ। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে চোলাই মদ ছিল বলে পুলিশ জানিয়েছে।
পৃথক দুটি ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।








