পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকাসহ ১৫ দফা দাবি ঘোষণা

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকাসহ ১৫ দফা দাবি ঘোষণা
ছবিঃ প্রতিনিধি
প্রিন্ট
পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, চাকরির নিরাপত্তা, বন্ধ কারখানা চালু এবং শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করাসহ ১৫ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দীন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পোশাক শ্রমিকদের বিদ্যমান মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং শিল্পের উৎপাদনশীলতা বজায় রাখতে অবিলম্বে মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—নিয়মিত বেতন, ওভারটাইম ও উৎসব ভাতা যথাসময়ে পরিশোধ, বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ বন্ধ করা, বন্ধ কারখানা পুনরায় চালু এবং চালু করা সম্ভব না হলে শ্রমিকদের আইনগত ক্ষতিপূরণ ও পাওনা পরিশোধ।
এ ছাড়া গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, বিদেশি ক্রেতাদের কাছ থেকে ন্যায্য উৎপাদনমূল্য ও উপযুক্ত মূল্য নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন করার অধিকার ও শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা, মাতৃত্বকালীন সুবিধা ও যৌন হয়রানি প্রতিরোধের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, কারখানায় অগ্নিনিরাপত্তা ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন, শ্রম অধিদপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জবাবদিহি বৃদ্ধি, শ্রমিকদের জন্য রেশনিং, স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চিকিৎসা ও আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম অঞ্চলের বন্ধ ও ঝুঁকিপূর্ণ পোশাক কারখানাগুলোর সমস্যা সমাধানে মালিক, শ্রমিক প্রতিনিধি ও সরকারের সমন্বয়ে ত্রিপক্ষীয় কমিটি গঠন এবং পরিবেশবান্ধব শিল্পায়নের পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
এ ছাড়া শ্রমিকদের মাসে ৩০ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১০ কেজি আটা ভর্তুকিমূল্যে সরবরাহের দাবি জানানো হয়। একই সঙ্গে মজুরি বৃদ্ধির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কারাবন্দি শ্রমিক নেতাদের মুক্তি এবং নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে আইন অনুযায়ী সব পাওনা ও এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম তহবিল থেকে আজীবন ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক সৈয়দ রবিউল হক শিমুলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
শেয়ার করুন-