প্রশাসন

পোরশায় দস্যুতার প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার, অস্ত্র-মোটরসাইকেল জব্দ

নওগাঁর পোরশায় সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, হ্যান্ডেল চেইন, ২৫ ফুট দড়ি ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দস্যুতার কাজে ব্যবহারের অভিযোগে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

⎙ প্রিন্ট
পোরশায় দস্যুতার প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার, অস্ত্র-মোটরসাইকেল জব্দ
⌖ পোরশা
নওগাঁর পোরশায় সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, হ্যান্ডেল চেইন, ২৫ ফুট দড়ি ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দস্যুতার কাজে ব্যবহারের অভিযোগে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি দল পোরশা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় টহল ও ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পোরশা থানার শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছাকাছি কয়েকজন ব্যক্তি সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে তাদের নাম-পরিচয় জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং সমনগর গ্রামের মাহবুল সোনারের ছেলে মোস্তাকিম (১৯)।
পুলিশ জানায়, দেলোয়ার হোসেনের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও লম্বা হ্যান্ডেল চেইন, নাইম মাহমুদের কাছ থেকে দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২৫ ফুট দীর্ঘ দড়ি ও একটি ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ