নওগাঁর নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাইমদ ও ২৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারজনকে চোলাইমদসহ এবং দুজনকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৫ নম্বর পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৫০ লিটার চোলাইমদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাটাপুকুর গ্রামের মৃত রুপাই মুর্মুর ছেলে সুনীল মুর্মু (৪৫) ও মৃত মারাং মুর্মুর ছেলে গোপাল মতি (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হলাসপুর গ্রামের মৃত অনিল মাহালীর ছেলে গৌরাঙ্গ মাহালী (৪২) ও মৃত বিদেশী মাহালীর ছেলে লিটন মাহালী (৩৫)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি হাটপুকুর গ্রামের সুনীল টপ্পোর মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে দুজনকে আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে ২৫টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন উষ্টি বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. আব্দুর রউফ ওরফে রুবেল (৩৫) এবং মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৩০)। পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।








