এক্সক্লুসিভ

নওগাঁয় বড় মাদকবিরোধী অভিযান, ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

⎙ প্রিন্ট
নওগাঁয় বড় মাদকবিরোধী অভিযান, ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯
⌖ নওগাঁ সদর

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ডিবি ও সদর থানা পুলিশ চারদিক থেকে নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়।

অভিযানকালে সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে মুনি (৪৫) নামে এক নারীকে মহিলা পুলিশ সদস্যরা তল্লাশি করেন। এ সময় তার হেফাজতে থাকা কালো পলিথিনের চারটি প্যাকেট থেকে মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, মুনির সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সুইপার কলোনি এলাকায় মাদক সেবন ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২) নামে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেক সপ্তাহে সেখানে অভিযান পরিচালনা করা হবে, প্রয়োজনে প্রতিদিনও অভিযান হবে। মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।”

 

 

সম্পর্কিত সংবাদ