বন ও পরিবেশ

নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই ভবন কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রিন্ট
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই ভবন কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা
⌖ নওগাঁ সদর

নওগাঁয় নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখা, ঢেকে না রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে ভবন নির্মাণের দায়ে দুই নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার উকিলপাড়া এলাকার কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে নির্মাণাধীন দুইটি ভবনে ইট ও বালুসহ নির্মাণসামগ্রী সড়কের ওপর ফেলে রাখা, যথাযথভাবে ঢেকে না রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার বিষয়টি পাওয়া যায়। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিক ও সংশ্লিষ্টদের বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি নির্মাণসামগ্রী সড়কে ফেলে না রাখা, বালু ও অন্যান্য ধুলাবালি ছড়িয়ে পড়া রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং পরিবেশ আইন মেনে ভবন নির্মাণের বিষয়ে উপস্থিত লোকজনকে সচেতন করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ