লিড নিউজ

নওগাঁর পোরশায় চিকিৎসকের বদলে অন্য ব্যক্তিকে দিয়ে সিজারের অভিযোগ, নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল মালিক গ্রেফতার

⎙ প্রিন্ট
নওগাঁর পোরশায় চিকিৎসকের বদলে অন্য ব্যক্তিকে দিয়ে সিজারের অভিযোগ, নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল মালিক গ্রেফতার
⌖ পোরশা

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালের মালিক মো. আহসান হাবিব (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই ২০২৬ বিকেলে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. আমিন (৩৮) প্রসববেদনায় আক্রান্ত স্ত্রী খাদিজা খাতুনকে চিকিৎসার জন্য আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকের ওপর আস্থা রেখে রোগীর স্বজনরা অপারেশনে সম্মতি দেন এবং হাসপাতালের প্রয়োজনীয় খরচ পরিশোধ করেন।

অভিযোগে বলা হয়, পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রোগীর পরিবারকে না জানিয়ে ডা. শারমিন আক্তারের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করান। অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। সেখানে শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরিবারের সদস্যরা নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পোরশা থানা পুলিশের একটি দল মামলার এজাহারনামীয় আসামি আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালের মালিক মো. আহসান হাবিবকে সরাইগাছী এলাকা থেকে গ্রেফতার করে। তিনি পোরশা উপজেলার শহরন্দ গ্রামের মৃত আনিছুর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ