নওগাঁর মান্দা উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখায় মেসার্স রাজ ব্রিকস কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলছত্র মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
অভিযান সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স রাজ ব্রিকস নামের ইটভাটাটির প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।








