নওগাঁর মান্দা উপজেলার প্রত্যন্ত কালীগ্রামে অবস্থিত ‘শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর’ পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম শাহের আমন্ত্রণে তিনি জাদুঘরটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুই কৃষিবিজ্ঞানী বন্ধু ড. নুরুল ও ড. বকুল।
গ্রামীণ কৃষি ঐতিহ্য সংরক্ষণ, কৃষিবিষয়ক জ্ঞানচর্চা এবং হারিয়ে যেতে বসা গ্রামবাংলার পুরোনো উপকরণ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম শাহ রাজশাহী কলেজিয়েট স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি কৃষি জ্ঞান ও ঐতিহ্য সংরক্ষণের আগ্রহ থেকে ২০০৮ সালের ১৮ এপ্রিল এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন।
পরিদর্শনকালে জাদুঘরের বিভিন্ন সংগ্রহ ঘুরে দেখেন পুলিশ সুপার। প্রতিষ্ঠানটির সংগ্রহ ও কার্যক্রম দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ জানান, প্রতিদিন শতাধিক দর্শনার্থী এই কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর পরিদর্শনে আসেন। তাঁদের মধ্যে শিক্ষার্থী, সাধারণ দর্শনার্থী ছাড়াও গবেষণার কাজে আসা ব্যক্তিরাও রয়েছেন।
পুলিশ সুপারের আগমনের খবর পেয়ে স্থানীয় বেশ কয়েকজন গ্রামবাসী সেখানে উপস্থিত হন। তাঁদের সঙ্গেও প্রতিষ্ঠানের কার্যক্রম, গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে একসময় গ্রামবাংলার মানুষের দৈনন্দিন জীবন ও কৃষিকাজে ব্যবহৃত নানা ঐতিহ্যবাহী উপকরণ। এর মধ্যে রয়েছে পালকি, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম, কৃষকদের ব্যবহৃত শিকারের উপকরণসহ প্রচলিত ও অপ্রচলিত নানা প্রযুক্তি। এসব সংগ্রহের মধ্য দিয়ে গ্রামীণ জনপদের অতীত জীবনযাত্রা, কৃষিকাজের বিবর্তন এবং হারিয়ে যেতে বসা ঐতিহ্যের নানা স্মৃতি তুলে ধরা হয়েছে।
পরিদর্শন শেষে পুলিশ সুপার ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটির আরও সমৃদ্ধি কামনা করেন। যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে এই জাদুঘর কৃষি ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা ও জ্ঞানচর্চায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।





























































