নওগাঁর ধামইরহাটে অবৈধ দুই ইটভাটায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

নওগাঁর ধামইরহাটে অবৈধ দুই ইটভাটায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা
প্রিন্ট

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার মালিকপক্ষকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান।

অভিযানকালে অবৈধভাবে পরিচালিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) এবং মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটা (এমবিএফ) নামের দুটি ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলার মাধ্যমে মোট ২ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


শেয়ার করুন-