রোববার (৪ অক্টোবর ২০২৬) আত্রাই ও রানীনগর এলাকায় নবনির্মিত পুলিশ বক্সগুলোর উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, আত্রাই ও রানীনগর এলাকার সাধারণ মানুষ যাতে ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধের শিকার না হন এবং সড়কে চলাচলকারী জনগণ নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে ক্ষেত্রে পুলিশ বক্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নিরাপদ ও কার্যকর পরিবেশে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পুলিশ বক্স স্থাপনের ফলে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়বে এবং দ্রুততম সময়ে জনগণকে পুলিশি সেবা প্রদান করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধ, ডাকাতি-দস্যুতা নিয়ন্ত্রণ, সড়কে নিরাপত্তা নিশ্চিত এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করতে পুলিশ বক্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান পুলিশ সুপার।








