নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার অস্ত্র উদ্ধার
ছবিঃ প্রতিনিধি
প্রিন্ট
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত দড়ি ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিয়ামতপুর থানার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। পরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবু মিয়ার ছেলে মো. সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাগরের পালক পিতা বাচ্চু মিয়া।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা রয়েছে। সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি এর আগে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
পলাতক ডাকাত দলের অন্য সদস্যদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের জিজ্ঞাসাবাদ এবং অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
শেয়ার করুন-