প্রশাসন

মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এমপি-পুলিশ

নওগাঁর আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) আত্রাই থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

⎙ প্রিন্ট
মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এমপি-পুলিশ
মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এমপি-পুলিশ
⌖ রাণীনগর

নওগাঁর আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) আত্রাই থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সভায় মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক সামাজিক ও পারিবারিক প্রভাব এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারজনিত সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার প্রায় ঘণ্টাব্যাপী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তাঁর বক্তব্য ও প্রেজেন্টেশন শোনেন। পরে মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরলে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাদের প্রশ্নের উত্তর দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক আয়োজনের জন্য নওগাঁর পুলিশ সুপার ও জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের পুলিশ সুপারের দেওয়া দিকনির্দেশনা অনুসরণ করে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ থেকে নিজেদের দূরে রেখে সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।

অনুষ্ঠানে একই মঞ্চে সংসদ সদস্য, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের প্রত্যয়ে শিক্ষার্থীরা হাত তুলে অঙ্গীকার ব্যক্ত করে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আত্রাই থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। এ সময় সম্মানিত শিক্ষকবৃন্দসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ