খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৬ জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া পাঁচজনের মধ্যে খুলনা জেলার হাসপাতালগুলোতে চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হওয়া ২৭৬ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন চিকিৎসা নিচ্ছেন।
জেলাভিত্তিক হিসাবে খুলনা জেলার হাসপাতালগুলোতে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সাতক্ষীরায় ১৭ জন, নড়াইলে ১২ জন, বাগেরহাটে ১১ জন, কুষ্টিয়ায় চারজন, মেহেরপুরে চারজন এবং চুয়াডাঙ্গায় দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ হাজার ৮১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মশার লার্ভা ও উড়ন্ত মশা নিধন, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, পরিচ্ছন্নতা কার্যক্রমে জনবল বৃদ্ধি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।








