আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ ও রাজনৈতিক তৎপরতা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। এসব আলোচনায় জনপ্রিয়তা ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদ।
স্থানীয় বাসিন্দা ও তার সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ফারুক আহমদের গ্রহণযোগ্যতা রয়েছে বলে তারা মনে করেন। তার কর্মী-সমর্থকদের দাবি, সাধারণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন। বিশেষ করে তরুণ ভোটারদের একটি অংশ পরিবর্তনের প্রত্যাশায় তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী বলে তাদের বক্তব্য।
এলাকাবাসীর আলোচনায় কান্দিগাঁও ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এসব প্রত্যাশাকে ঘিরেও ফারুক আহমদকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও মাঠপর্যায়ে গণসংযোগ ও নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। ফলে নির্বাচন ঘিরে কান্দিগাঁও ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ ক্রমেই সরব হয়ে উঠছে।
সাধারণ ভোটারদের প্রত্যাশা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এমন একজন যোগ্য প্রতিনিধি নির্বাচিত হবেন, যিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি উন্নয়নবান্ধব কান্দিগাঁও গড়ে তুলতে ভূমিকা রাখবেন।





























































