নড়াইলের কালিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মো. সোহেল মোল্লা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহীন মোল্লার কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের একটি বহর কালিয়ায় এসে পৌঁছায়। শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁরা প্রথমে চাঁদপুর-সীতারামপুর কবরস্থান এবং পরবর্তীতে বাহিরডাঙ্গা কবরস্থানে গিয়ে নিহত দুই নেতার কবর জিয়ারত করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরিফুজ্জামান মিলন, জেলা কৃষক দলের আহ্বায়ক হিমায়েত হুসাইন ফারুক, সদস্য সচিব শোয়েব মিনা, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু এবং পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। এ সময় তাঁরা স্বজনদের সান্ত্বনাসূচক বক্তব্য দেন এবং যেকোনো প্রয়োজনে সবসময় পরিবার দুটির পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল মোল্লা ও শাহীন মোল্লা।
























































