কালিয়ায় জোড়া খুনের ঘটনায় আটক ২

কালিয়ায় জোড়া খুনের ঘটনায় আটক ২
প্রিন্ট

নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা) কবিরুল হক মুক্তির ভাতিজা দিশা বিশ্বাস এবং তার এক সহযোগী রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) খুলনার গিলাতলা এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে খানজাহান আলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত কালিয়া পৌর কৃষক দলের সদস্য সচিব শেখ শাহিনুর (৪০) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের ওপর চাপ ও এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। আজ গিলাতলা এলাকা থেকে অভিযুক্ত দিশা বিশ্বাস ও তার সহযোগীকে আটকের খবরে কালিয়ায় আলোচনার সৃষ্টি হয়েছে। তাদের কালিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন-