ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, স্ত্রীসহ গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, স্ত্রীসহ গ্রেপ্তার প্রধান অভিযুক্ত
ছবিঃ প্রতিনিধি
প্রিন্ট
নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রধান অভিযুক্ত ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, সাতটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মো. ফয়জুল ইসলাম (৪৪) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার। তাঁর দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। সেই সুবাদে তাঁর চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে শহিদুল ইসলাম পূবালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবসহ একাধিক হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করা হয়, যা অনুমোদিত সীমার অতিরিক্ত। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে তিনি ও তাঁর সহযোগীরা সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানার পর নওগাঁ সদর মডেল থানায় মামলা রুজু হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে।
পুলিশ জানায়, নওগাঁ সদর মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম ওরফে রিপন এবং তদন্তে পাওয়া তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)কে গ্রেপ্তার করা হয়। তাঁদের উভয়ের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া এলাকায়।
পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগে রাখা বিভিন্ন কায়দায় আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আত্মসাৎ করা অর্থের মধ্যে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বগুড়ায় জমি কেনার তথ্যও পাওয়া গেছে। এ ছাড়া তাঁরা বিলাসী জীবনযাপন করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং আত্মসাৎ করা অবশিষ্ট অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।
শেয়ার করুন-