ইনানীর গ্যাসকূপে ১৯ দিন ধরে আগুন, নির্বাপণ কাজে নামল বাপেক্স

ইনানীর গ্যাসকূপে ১৯ দিন ধরে আগুন, নির্বাপণ কাজে নামল বাপেক্স
ছবিঃ সংগ্রহিত
প্রিন্ট

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ১৯ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণে মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। শনিবার (১৪ নভেম্বর) ঘটনাস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় স্থানীয় এক বাসিন্দার বাড়িতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে নির্গত গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে গ্যাসকূপের আগুন অব্যাহত রয়েছে।

শনিবার সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তাঁরা গ্যাস নির্গমনের অবস্থা, আশপাশের পরিবেশ এবং নিরাপদে আগুন নিয়ন্ত্রণের সম্ভাব্য পদ্ধতি পর্যালোচনা করেন।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, এই মুহূর্তে প্রথম অগ্রাধিকার নিরাপদভাবে আগুন নেভানো অথবা নিয়ন্ত্রণে আনা। সেখানে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের মতো মজুত রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করার সুযোগ নেই।

আগুন নির্বাপণের কাজ শেষ হলে বিশেষজ্ঞদের মাধ্যমে গ্যাসের সম্ভাব্য মজুত ও ভূগর্ভস্থ অবস্থা মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি করে সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তথ্য পাওয়া গেছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়। তাই ঘটনাস্থলকে ঘিরে অযাচিত ভিড় এড়ানো এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নির্দেশনা মেনে চলা জরুরি।

শেয়ার করুন-