বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান এমপি আইনুল হক

বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান এমপি আইনুল হক
প্রিন্ট

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও প্রেরণাকে বুকে ধারণ করে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য (এমপি) ভিপি আইনুল হক।রবিবার (৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।এর আগে সকালের দিকে তাড়াশ ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক ঐতিহাসিক ৭ই নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, "সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল এবং দেশ পেয়েছিল বহুদলীয় গণতন্ত্রের অগ্রদূত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।" তিনি যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানান।তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দেশ গঠনে যুবসমাজ ও তৃণমূলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, দলের সকল স্তরের নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন শিহাবের সুশৃঙ্খল সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খাঁন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির এবং সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।উক্ত আলোচনা সভা ও র‍্যালিতে তাড়াশ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-