পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অসহায়, বিধবা, দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উপায় ফাউন্ডেশন। শুক্রবার উপজেলার দেবনগড় ইউনিয়নের মানিকডোবা ও বানিয়াপাড়া গ্রামে সংগঠনটির উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে নির্বাচন করে মোট ২৫টি পরিবারের হাতে রমজানের প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপায় ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটি এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলো এতে কৃতজ্ঞতা প্রকাশ করে।
উপায় ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি জাহাঙ্গীর বিন মনির বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দারিদ্র্য বিমোচন, এতিম ও বিধবা সহায়তা, প্রতিবন্ধীদের সহযোগিতা, কর্জে হাসানা কর্মসূচি, স্বনির্ভর প্রকল্প এবং চিকিৎসা সহায়তার মতো নানা উদ্যোগের মাধ্যমে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তিনি আরও জানান, পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সেই ধারাবাহিক মানবিক কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন