ঢাকার ধামরাই উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় একটি প্রাইভেট কার ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ডিবি (উত্তর)–এর একটি চৌকস দল ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), পিতা: মৃত আফতাব উদ্দিন; মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা: মৃত মোজাফ্ফর; এবং মোঃ মহসিন ওরফে সুন্দর আলী (৪৫), পিতা: মোঃ আব্দুল কাদের।
অভিযানকালে তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা নং–০৫, তারিখ ০১/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন