গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশে কোনো ব্যক্তিকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে আলাদা করা হবে না, বরং শব্দ থাকবে একটাই- “আমরা বাংলাদেশি।” তিনি এই মন্তব্য করেন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বাজারে অনুষ্ঠিত একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণের ভোটেই তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং তিনি নিজেকে দলের এমপি-মন্ত্রী হিসেবে নয়, জনগণের এমপি-মন্ত্রী হিসেবে বিবেচনা করেন। তিনি ভোটদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দেশের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব দেওয়া হবে। তিনি সনাতন ধর্মের মানুষের অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করে বলেন, তারা একশতে একশো তার পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো সময় তাদের সহায়তায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের অপকর্মে লিপ্ত হওয়া ঠিক নয়, যা দলের বা ব্যক্তিগত ইমেজ ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতা কেবল পাঁচ বছরের জন্য, তাই দায়িত্বশীল আচরণ করা উচিত যেন আগামী নির্বাচনে জনগণের সামনে পুনরায় দাঁড়ানো সম্ভব হয়।
পথসভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. মোবারক (হ্যাপী), পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভূষণ রায়, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। সভায় প্রতিমন্ত্রীর বক্তব্যে একতাবদ্ধভাবে দেশপ্রেম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন