বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রেজাউল করিম এবং সেক্রেটারি হিসেবে আতিকুজ্জামান আতিক দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জলঢাকা আইডিয়াল কলেজ মিলনায়তনে আয়োজিত সাথী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন মিলন। জেলা সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সেক্রেটারি মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে জানানো হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, ছাত্রশিবিরের রংপুর মহানগরীর সভাপতি আনিছুর রহমান, জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান, নায়েবে আমীর মো. কামারুজ্জামান, ডিমলা উপজেলা জামায়াতের বায়তুলমাল বিষয়ক সম্পাদক ওয়াহেদুজ্জামান বাবুল এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জাকির হোসেন রঞ্জু, সাব্বির আহমেদ ও সদ্য বিদায়ী জেলা সভাপতি তাজমুল হাসান সাগর।
বক্তারা নবনির্বাচিত নেতৃত্বকে সংগঠনের আদর্শিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান। নতুন কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন